ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নকল বিড়ি উৎপাদন ও ব্যান্ডরোল রাখার অপরাধে চারজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নুর হোসেন নির্ঝর এ আদেশ দেন।
দ-িতরা হলেন দেবরাজপুর গ্রামের আসলাম হোসেন, পারখিদ্দা গ্রামের সুফিয়া খাতুন, একতারপুর গ্রামের স্বপ্না বিশ্বাস ও পারখিদ্দা গ্রামের রেনুকা বেগম।
আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদে ঝিনাইদহ র্যাবের একটি দল কালীগঞ্জের ওই তিনটি গ্রামে অভিযান চালায়। এ সময় নকল বিড়ি তৈরির তিনটি কারখানার সন্ধান পাওয়া যায়। জব্দ করা হয় প্রায় ২ কোটি টাকার নকল বিড়ি ও ব্যান্ডরোল।
আটক করা হয় মালিকসহ চারজনকে। পরে আদালত বসিয়ে আসলাম হোসেন ও সুফিয়া খাতুনকে ৬ মাস করে কারাদ- দেওয়া হয়। অন্য দুজনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত নকল বিড়ি ও ব্যান্ডরোল পুড়িয়ে দেওয়া হয়।
