একটি বহুতল ভবনের ফ্ল্যাটে তালাবদ্ধ নিঃসঙ্গ এক নারীর সংলাপের মাধ্যমে এগিয়ে যায় ‘একা এক নারী’ নাটকের গল্প। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতির মঞ্চে নাটকটির প্রদর্শনী হয়। দারিও ফো এবং ফ্রাংকা রামে রচিত ‘এ উমেন এলোন’ থেকে ‘একা এক নারী’ নাটকটির বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম এবং মঞ্চে নির্দেশনা দিয়েছেন দেবপ্রসাদ দেবনাথ। নাটকটিতে একক অভিনয় করেছেন তনিমা হামিদ। এটি নাট্যচক্রের ৫৪তম প্রযোজনা। অভিনেত্রী তনিমা হামিদ দেশ রূপান্তরকে বলেন, ‘এই নাটকে পুরো এক ঘণ্টা বিশ মিনিট আমাকে একা মঞ্চে অভিনয় করতে হয়। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা এবং অন্য রকম চ্যালেঞ্জ।’ নাটকটির আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন, মঞ্চ পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ ও পোশাক পরিকল্পনায় আইরিন পারভিন লোপা।
বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শন নিয়ে মাসব্যাপী প্রদর্শনী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি নিদর্শন নিয়ে গতকাল শনিবার থেকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ প্রদর্শনী। এতে স্থান পেয়েছে আলোকচিত্র, পেইন্টিং ও বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত গ্রন্থ। প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর অসামান্য অবদান কখনো মøান হওয়ার নয়। প্রজন্ম থেকে প্রজন্ম জাতির পিতার আদর্শ ও অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করবে।’ উদ্বোধনী দিনে ‘দেশ গঠনে বঙ্গবন্ধু’বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর। অধ্যাপক সৌমিত্র শেখর বলেন, ‘বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের প্রথম সভায় বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত, রণসংগীত নির্ধারণ করা হয়।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান। স্বাগত ভাষণ দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ। সঞ্চালনা করেন জাদুঘরের কিপার ড. শিহাব শাহরিয়ার। প্রদর্শনীটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
