জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটিতে বাংলাদেশ যে প্রতিবেদন জমা দিয়েছে তা অবাস্তব বলে মনে করেন আইনজীবী ড. শাহদীন মালিক। তিনি বলেছেন, ‘জেনেভায় দেওয়া আইনমন্ত্রীর বক্তব্য শুনে আইনজীবী হিসেবে আমি লজ্জা পেয়েছি।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদের বাস্তবায়নের বিষয়ে ‘বাংলাদেশ সরকারের প্রাথমিক প্রতিবেদন : নির্যাতনবিরোধী কমিটির বক্তব্য ও আমাদের প্রতিক্রিয়া’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’ নামের সংগঠন।
শাহদীন মালিক বলেন, ‘দেশে ন্যূনতম সুরক্ষা নেই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও তার জন্য জবাবদিহি না থাকা হলো একটি রাষ্ট্র অকার্যকর হওয়ার বড় লক্ষণ।’ তিনি বলেন, ‘আমরা সবাই সোচ্চার না হলে, দেশ যেভাবে অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা রোধ করতে পারব না। আন্তর্জাতিক মহলে গিয়ে কিছু চেষ্টা হচ্ছে, কিন্তু নিজেদের মধ্যেও তো চেষ্টা করতে হবে। যারা চেষ্টা করছি, সেটা আরও জোরদার করতে হবে। অধিকার নিশ্চিত না হলে ১০০ বছরে কোনো রাষ্ট্রের উন্নতি হয়েছে আমাদের কাছে এ ধরনের উদাহরণ নেই।’
