নারায়ণগঞ্জে রফিকুল ইসলাম হৃদয় (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে ডিক্রিরচর গুদারাঘাট এলাকার খাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
নিহত হৃদয় শহরের নয়াপাড়া এলাকার শাহ নেওয়াজ সেন্টুর ছেলে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন নিহতের পরিবারের বরাত দিয়ে দেশ রূপান্তরকে জানান, শনিবার সকালে বাবা-মায়ের সঙ্গে রাগ করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এর আগে সে তার পছন্দের এক মেয়েকে বিয়ের জন্য বাড়িতে জানালে বাবা-মা তা মেনে নেননি।
তিনি আরো জানান, দুপুরে ডিগ্রীরচরে ধলেশ্বরীর শাখা খালের গুদারাঘাট এলাকায় নিহতের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে তার পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করে।
ময়নাতদন্ত রিপোর্টের পর বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
