শীর্ষ পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ এক দিনে ৭ মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০১:৫১ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার, ইডেন মহিলা কলেজের ছাত্রী ফাতেমা আক্তার শান্তা, চাঁদপুরের একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ আরও সাতজনের মৃত্যু হয়েছে। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রবিবার রাত সোয়া ১০টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে দেশ রূপান্তরের হিসাবে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হলো। আর সরকারি হিসাবে এ সংখ্যা ১৮ জন। সরকারি হিসাবে, গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৮৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর আগস্টের প্রথম তিন দিনে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৬৭ জন। সরকারি হিসাবে এ বছর আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৮০৪ জন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪) গতকাল দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় শোক জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শাহাবুদ্দীন কোরেশী সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আজ সোমবার সকাল ৯টায় তার দেশে ফেরার কথা রয়েছে। সৈয়দা আক্তার গত ৩০ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকার ইডেন মহিলা কলেজের ছাত্রী ফাতেমা আক্তার শান্তা (২০) রাজধানী ধানমণ্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বিকেল ৪টায় তার মৃত্যু হয়। স্বজনরা জানান, হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শান্তা পরিবারের সঙ্গে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন। গুরুতর অবস্থায় গত শনিবার তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাবা ও ভাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শান্তার গ্রামের বাড়ি গাজীপুরের কাশিমপুরে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লাভলী বাসার নামে এক ইউপি সদস্য গত শনিবার গভীর রাতে রাজধানীর বেসরকারি শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য তিনি। লাভলী গত বৃহস্পতিবার দুপুরে জ¦রে আক্রান্ত হন। ওইদিন বিকেলে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হলে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। সেখানে চিকিৎসা নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার বিকেলে ঢাকার বেসরকারি শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

গতকাল সকালে মো. মঞ্জুর শেখ (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঞ্জুর খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে কয়েক দিন ধরে অসুস্থ থাকলেও সাধারণ জ¦র ভেবে পরিবারের লোকজন হাসপাতালে নেয়নি। অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ, পরে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকেও ফেরত দেওয়ার পর স্থানীয় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গতকাল সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার গভীর রাতে মর্জিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের ইসরাইল সরদারের স্ত্রী।

গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দিপালী (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। দিপালীর বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। গত ১ আগস্ট তাকে ঢামেকে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে ঢাকা মেডিকেলে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হলো।

মাগুরা সদর উপজেলার পুটিয়া গ্রামে জয়ন্তী সাহা (৩২) নামে এক গৃহবধূ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শনিবার গভীর রাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। তার বড় ভাই মিলন সাহা জানান, জয়ন্তী গত তিন দিন আগে শ্বশুরবাড়িতে জ¦রে আক্রান্ত হয়। গত শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে ফরিদপুরে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ওইদিন বিকেলেই ঢাকায় আনা হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে ২৪ হাজার ৮০৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে চিকিৎসাধীন ৭ হাজার ৩৯৮ জন। আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৩৮৮ জন। গত শনিবার সকাল থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বাইরের জেলাগুলোতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় ২১৬ জন। এ সময়ে মোট চিকিৎসাধীন ৪৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে নতুন ডেঙ্গু রোগী ১৫৯ ও চিকিৎসাধীন ৪১৬ জন, খুলনা বিভাগে নতুন ১২৭ ও চিকিৎসাধীন ৪২১, রাজশাহী বিভাগে নতুন ৮৩ ও চিকিৎসাধীন ৩৪২, বরিশাল বিভাগে নতুন ৭৮ ও চিকিৎসাধীন ২২৯, ময়মনসিংহ বিভাগে নতুন ৭০ ও চিকিৎসাধীন ২৬৮, রংপুর বিভাগে নতুন ৫৩ ও চিকিৎসাধীন ২১৫ এবং সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩১ জন ও হাসপাতালে ভর্তি আছে ৯৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত