চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০৬:৪৭ পিএম

বরিশালে রিয়াজুল হক সরদার (৩৬) নামে এক মোটরসাইকেল চালককে শ্বাসরোধ করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়কের পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে মেট্রোপলিটনের বিমান বন্দর থানা-পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা জুতা, একটি শার্ট এবং ২টি ওড়না উদ্ধার করেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রিয়াজুল হক বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বাঘিয়া পুরানপাড়া এলাকার শামসুল হক সরদারের ছেলে। তিনি বরিশাল-লাকুটিয়া রুটর ভাড়ায় মোটরসাইকেল চালানোর পাশাপাশি নগরীর নতুন বাজার মরকখোলা এলাকায় জ্বালানি তেলের ব্যবসা করতেন।

বরিশাল বিমান বন্দর থানার ওসি মাহবুব-উল আলম জানান, সোমবার রাতে সে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি। মঙ্গলবার দুপুরে তালতলী এলাকায় ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেল ছিনতাই হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত