রাজশাহী ও যশোরে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহীতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। যশোরে মারা গেছেন এক যুবক।
রাজশাহীর বাগমারায় বজ্রপাতে মারা গেছেন এক কৃষক। নিহত কৃষক আবুল হোসেন (৫০) উপজেলার গঙ্গানারায়ণপুর গ্রামের মৃত চেরু সরদারের ছেলে। গতকাল মঙ্গলবার তিনি মারা যান। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে পানবরজে কাজ করছিলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাত হলে মাটিতে পড়ে যান। তারপর কিছুক্ষণের মধ্যেই সেখানে তিনি মারা যান।
অন্যদিকে, একই সময় বাগমারার গোপালপুর গ্রামে বজ্রপাতে নন্দনপুর গ্রামের আবদুর রাজ্জাক (২৪) নামে এক যুবক আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্গাপুর উপজেলার আলিয়াবাদ গ্রামে বজ্রপাতে এক গৃহবধূসহ দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন আলিয়াবাদ গ্রামের দায়েম উদ্দীনের ছেলে ইসমাইল হোসেন (৫৫) ও কামাল হোসেনের স্ত্রী রেবেকা বেগম (৩০)। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইসমাইল হোসেন বাড়ির বাইরে অবস্থান করছিলেন এবং রেবেকা বেগম রান্না করছিলেন। এ সময় বজ্রপাতে তারা আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
যশোর : যশোরে বজ্রপাতে নিহত যুবকের নাম শাহীন হোসেন (২৮)। তিনি সদর উপজেলার বাজেট দুর্গাপুর গ্রামের মশিউর রহমানের ছেলে। নিহতের বাবা জানান, সকাল ৭টার দিকে দুর্গাপুর মাঠে ডিপটিউবওলের পানি দেওয়ার জন্য গেলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সফিউল্লাহ সবুজ বলেন, হাসপাতালে আনার পরপরই তার মৃত্যু হয়।
