রাঙ্গামাটির কাপ্তাইয়ে দেশের সর্ববৃহৎ কাগজ কল কর্ণফুলী পেপার মিলসে (কেপিএম) গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় আবার বন্ধ হয়ে পড়েছে উৎপাদন। গত রবিবার দুপুরে মিলের গ্যাস লাইনের মিটারিং পার্টস বিকল হয়ে পড়ায় গ্যাস সরবরাহ বন্ধের কারণে মিলের উৎপাদন বন্ধ হয়। তবে কবে নাগাদ গ্যাস সংযোগ সচল করা যাবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। এর আগে গত ২ জুলাই রাত থেকে বিদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে আটদিন উৎপাদন বন্ধ ছিল।
কেপিএম সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রবিবার দুপুর থেকে বন্ধ করেছে মিলের কাগজ উৎপাদন। এ অবস্থায় অলস সময় কাটাচ্ছেন কেপিএমের প্রায় ৮৫০ শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী। মিলটিতে বর্তমানে প্রতিদিন কাগজ উৎপাদন সক্ষমতা ১০ থেকে ১৫ টন।
কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এম এম এ কাদের জানান, রবিবার দুপুরে কেপিএমে গ্যাস সরবরাহ লাইনের মিটারের একটি পার্টস নষ্ট হয়। এতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খায়েজ আহম্মদ মজুমদার জানান, ‘আমরা গ্যাস সংযোগ চালুর চেষ্টা করছি।’
