বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ১৫ জেলের মধ্যে পাঁচজনকে উদ্ধার করেছে পটুয়াখালীর জেলেরা। এ নিয়ে ছয় জেলেকে উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনো ১০ জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ ট্রলারের মালিক আনোয়ার হোসেন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন আনোয়ার হোসেন মাঝি, ইউসুফ মিয়া, আলমগীর হোসেন, মো. হেলাল ও সেলিম মিয়া। উদ্ধার হওয়া ও নিখোঁজ জেলেদের বাড়ি নোয়াখালী জেলায়।
গত সোমবার ভোর ৫টার দিকে গভীর সমুদ্রের মৌডুবির বয়ার সামনে একটি রিং বয়া নিয়ে ভাসতে থাকা অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী নিয়ে যাওয়া হয়।
এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের মঙ্গলবার বরগুনার পাথরঘাটায় নিয়ে আসা হয়। ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক আনোয়ার হোসেন বলেন, আমার ডুবে যাওয়া ট্রলারটির পাঁচ জেলেকে একটি রিং বয়া ধরে সাগরে ভাসতে দেখে পটুয়াখালীর এফবি মজিদ নামের ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে পটুয়াখালীর আলীপুরে নিয়ে যায়।
