শান্তির বার্তা নিয়ে ঢাকায় হিরোশিমা দিবস পালন

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০১:১৯ এএম

জাপানের হিরোশিমা শহরের উপর ১৯৪৫ সালের ৬ আগস্ট পারমাণবিক বোমা বর্ষণের বর্বরোচিত ঘটনাকে স্মরণ করে বিশ্বব্যাপী দিনটিকে হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়। পারমাণবিক বিকিরণে নিহত জাপানি কিশোরী সাদাকো সাসাকি স্মরণে কাগজ কেটে সাদা সারস বানিয়ে বিশ্বব্যাপী কিশোর-কিশোরীরা শান্তির সপক্ষে হিরোশিমা দিবস পালন করে।

মঙ্গলবার বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে হিরোশিমা দিবস উপলক্ষে আয়োজন করা হয় 'শান্তির স্বপক্ষে আমরা' শীর্ষক অনুষ্ঠান।

রাজধানীর কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। আয়োজনের বিশেষ একটি পর্বে কথা বলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি।

জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘আগামী প্রজন্ম যারা পৃথিবীর নেতৃত্ব দেবে তাদের জন্য আমরা সবসময় প্রার্থনা করি যেন কখনোই তাদের আর এমন কিছু দেখতে না হয়। জাপান থেকে অনেক দূরত্বে অবস্থান করেও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শিশুরা যে হিরোশিমা দিবসকে স্মরণ করে তার জন্য সকলের প্রতি আমাদের ভলোবাসা।’

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব রবিউল হুসাইন।

সবশেষে আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাথীরা সংগীত পরিবেশন করে। অন্যদিকে নাটক মঞ্চায়ন আর আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ‘হিরোশিমা দিবস’ পালন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত মি. হিরোইয়াসু ইজুমি।

সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য লাকী ইনাম।

আলোচনা অনুষ্ঠানের পর যুদ্ধবিরোধী নাটক ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চস্থ করে স্বপ্নদলের সদস্যরা। বাদল সরকারের মূল রচনা থেকে নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত