নগরীর জল্লারপাড়ে গত মঙ্গলবার গভীর রাতে লন্ডনপ্রবাসী তিন যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে।
আহতরা হলেন নগরীর বালুচর এলাকার সফিক উদ্দিনের ছেলে হাসান (২২), বশির উদ্দিনের ছেলে ইমন (১৮) ও গিয়াস মিয়ার ছেলে নাহিয়ান (১৮)। তারা পরস্পরের চাচাতো ভাই। কিছুদিন আগে তারা লন্ডন থেকে এসেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে তারা জল্লারপাড়ে একটি রেস্টুরেন্টে খেতে যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ কান্তি দে’র অনুসারী ছাত্রলীগের কয়েকজন ক্যাডার তাদের উদ্দেশ করে ‘আপত্তিকর’ মন্তব্য করে। প্রতিবাদ জানালে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত করে। পরনের কাপড় ছিঁড়ে ফেলে। তাদের প্রাইভেট কার ভাঙচুর করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে বুধবার তারা বাসায় ফিরেছেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, প্রবাসীদের ওপর হামলার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে পলাশ নামে এক যুবককে আটক করা হয়েছে।
