গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক

৭ ঘণ্টা বাস বন্ধ

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১১:৪৬ পিএম

গোপালগঞ্জে বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে ৭ ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখে বাস শ্রমিকরা। গতকাল বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই সড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা।

মানুষজন ইজিবাইক, অটোভ্যান ও মোটরসাইকেলে করে স্ব-স্ব গন্তব্যে যাওয়ার চেষ্টা করেও শ্রমিকদের বাধার সম্মুখীন হন।

অন্যদিকে, বাস শ্রমিকদের হাতে স্কুলছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হওয়ার প্রতিবাদে কোটালীপাড়া উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক দিয়ে চলাচলকারী বাস শ্রমিকরা ছাত্রীদের নানা ভাবে ইভটিজিং করে।

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা সাইদুর রহমান জাসু জানিয়েছেন, গত ১৯ জুলাই কোটালীপাড়া সদরে স্থানীয়দের হাতে এক বাস মালিক মারধরের শিকার হলে গতকাল সকাল থেকে শ্রমিকরা ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত