ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে জেলার দেওয়ানগঞ্জে যমুনা নদীতে গত বুধবার রাত ৮টার দিকে ৩০ আরোহী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ ছয়জন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ফুটানী বাজার ঘাট থেকে চর হলকা হাবড়াবাড়ী যাওয়ার পথে টিনের চরের কাছে মাঝনদীতে প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।
দেওয়ানগঞ্জ থানার ওসি এম এম মইনুল ইসলাম জানান, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে ভিডিএফের চাল নিয়ে ফিরছিলেন নৌকার আরোহীরা। গতকাল দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ২৩ জনকে দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের বিভিন্ন চর এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া মমতা আক্তার বীথি (৭) নামে এক শিশুকে বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশার ঘুঘুমারি থেকে উদ্ধার করে স্থানীয়রা। মইন উদ্দিনের মেয়ে মমতাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিখোঁজরা হলেন শহীদ সিকদার (৪৫), পিতা দিলবার সিকদার। কাঞ্চন মালা (৪৫), স্বামী মো. ফজল হক। রেজিয়া (৪৫), স্বামী মৃত মজিবর। নয়ন (৮), দুলাল (৩০), পিতা তৈয়ব আলী। মোছা. আকন (৬৫), স্বামী মো. সকমল। নিখোঁজ ও উদ্ধার সবার বাড়ি চর হলকা হাবড়াবাড়ী এলাকায়। জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুর উদ্দিন অলি জানান, নৌকাডুবির পর রাত একটা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ১৬ জনকে উদ্ধার করে। এরপর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। গতকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের বিভিন্ন চর থেকে সাতজন ও বগুড়ার সারিয়াকান্দি থেকে এক শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। স্রোতের গতিবেগ বেশি থাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
