নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চালের দলীয় ভাগ চাইতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন জাতীয় পার্টির অঙ্গসংগঠন যুবসংহতির উপজেলা সভাপতি এমদাদুল হক।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রণচ-ী ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
রণচ-ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান বলেন, ঈদ উপলক্ষে ইউনিয়নের ৫ হাজার ৫৭৫ অতিদরিদ্র পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণের জন্য সরকার বিশেষ ভিজিএফ প্রদান করে।
সুবিধাভোগী নির্বাচনের জন্য জাতীয় পার্টিকে ২০০, ওই দলের অঙ্গ সংগঠন যুবসংহতি ও স্বেচ্ছাসেবক পার্টিকে ১০০ করে এবং ছাত্রসমাজের নেতাদের ৫০টি কার্ড প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী কার্ডের এসব সুবিধাভোগী ইউনিয়ন পরিষদে এসে চাল নিয়ে যাওয়ার কথা। কিন্তু কিশোরগঞ্জ উপজেলা যুবসংহতির সভাপতি এমদাদুল হক সুবিধাভোগী না এনে ১০০ কার্ডের চাল দাবি করলে বিতরণ কাজে নিয়োজিতরা তা দিতে অস্বীকার করেন। এতে এমদাদুল হক ক্ষিপ্ত হয়ে বিতরণকাজ বন্ধ করে দেন। এ সময় সেখানে চাল নিতে আসা সুবিধাভোগীরা তাকে আটক করে পরিষদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
চেয়ারম্যান আরও জানান, ‘উপজেলা যুবসংহতির সভাপতি এমদাদুল হক ওই ১০০ কার্ড সুবিধাভোগীর মাঝে বিতরণ না করে বরাদ্দকৃত ওই সব কার্ড আত্মসাৎ করার জন্য নিজেই চাল উত্তোলন করতে এসেছিলেন।’
