ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে পরিচ্ছন্নতা আন্দোলন জোরদারের পাশাপাশি এবার নগরীর প্রায় ৩০০ কিলোমিটার নালা এবং ১২টি ছোট-বড় নর্দমায় প্রায় এক লাখ ‘মসকিউটো ফিশ’ ছাড়বে ময়মনসিংহ সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনের নালায় ও স্কুলটির পুকুরে প্রায় সাত হাজার মশাখেকো মাছ অবমুক্ত করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
মেয়র বলেন, বছরজুড়েই ‘মসকিউটো ফিশের’ মাধ্যমে নগরীর প্রতিটি নালা-নর্দমায় মশানিধন কর্মসূচি চলবে। স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা ধ্বংসের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরেক প্রজাতির বিশেষ মাছ দেবে। পাশাপাশি ডেঙ্গু নির্মূলে নিজ উদ্যোগে সবাইকে বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখারও আহ্বান জানান তিনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নর্দমার পানিতে মশার লার্ভা নিধনে ‘মসকিউটো ফিশ’ কার্যকর ভূমিকা পালন করে। এ নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ। ২০১৭ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকটি নালায় সফলতার পর এর দক্ষতা নিয়ে গবেষণা করেন তিনি।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে ৩৩টি ওয়ার্ডে পুরোদমে মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। একই সঙ্গে ওয়ার্ডে ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এছাড়া মেয়রের আহ্বানে জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেনতা সৃষ্টিতে কাজ করছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের উপপরিচালক ডা. এ বি মো. শামসুজ্জামান সেলিম জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে হাসপাতালে ১৬১ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
