অর্থ আত্মসাতের অভিযোগ

বিকল্পধারার মান্নানের বিরুদ্ধে দুই মামলা

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০৩:১৪ এএম

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার মালিকানাধীন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) ৪৩ কোটি ১৫ লাখ ২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গতকাল বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-১-এ মামলা দুটি করেন দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমান। দুটি মামলায়ই মান্নানকে ১ নম্বর আসামি করা হয়েছে। একটি

মামলায় ডি আফরোজ সোয়েটার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিআইএফসির ৯ কর্মকর্তা এবং অপর মামলায় সাত কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

একটি মামলায় আসামিদের বিরুদ্ধে ২৮ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ২৯৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই মামলার আসামিরা হলেন বিআইএফসির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, ডি আফরোজ সোয়েটার ইন্ডাস্ট্রিজের এমডি গোলাম জিলানী দিদার, বিএফআইসির সাবেক এমডি মাহমুদ মালিক, সাবেক এমডি ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেডিডেন্ট ও হেড অব বিজনেস সৈয়দ ফকরে ফয়সাল, বিআইএফসির সাবেক এভিপি ও ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন, সৈকত আজাদ, সাবেক প্রিন্সিপাল অফিসার তানিজা মাজেদ, সাবেক অফিসার মাসুদ-উল-রেজা চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার ও রিজিওনাল ম্যানেজার আফ্রিদা আহসান। এজাহারে বলা হয়েছে, নিজেরা লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে অপরাপর আসামিরা ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে বিআইএফসি থেকে ডি আফরোজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে দুটি ঋণচুক্তির মাধ্যমে ২৮ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ২৯৪ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেন।

অপর মামলার আসামিরা হলেন আবদুল মান্নান, বিআইএফসির সাবেক চেয়ারম্যান নাজমুল বাশার, ক্লিক টু ডিজাইন ও বিআইএফসির সাবেক এমডি মাহমুদ মালিক, বিআইএফসির সাবেক এমডি ইনামুর রহমান, সাবেক এমডি সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস আহমেদ করিম চৌধুরী, সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড মোহাম্মদ নিজাম উদ্দিন ও সাবেক সিনিয়র অফিসার সৈকত আজাদ। মামলার বিবরণীতে বলা হয়েছে, আসামিরা একে অপরের সহায়তায় বিআইএফসি থেকে ক্লিক টু ডিজাইনের নামে দুটি ঋণচুক্তির আওতায় অবৈধভাবে ১৪ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত