নবগঠিত বিএনপি জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার দুই দিন পরই তা বাতিলের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ করেছেন বিএনপির একাংশের পদবঞ্চিত নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পৌর শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা।
সাবেক কমিটির সহ-সভাপতি শামসুল আলম মারুফের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম খান মাসুদ, গাজী তোফায়েল হোসেন, সাবেক ছাত্রনেতা এস এম শফিকুল কাদের সুজা, মাসুদ রানা চৌধুরীসহ অন্যরা।
উল্লেখ্য, বিএনপির জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দেশের সব জেলা বিএনপির কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ডাক্তার আনোয়ারুল হককে আহ্বায়ক ও ডক্টর রফিকুল ইসলাম হিলালীকে সদস্য সচিব করে গত ৭ আগস্ট নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
