ঝালকাঠি রাজাপুর উপজেলায় ডেঙ্গু জ্বরে রুশা মনি (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুশা মনি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ও রাজাপুর উপজেলার জীবনদাশ কাঠি গ্রামের রুহুল আমিন হাওলাদারের একমাত্র মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে স্বাভাবিক জ্বর নিয়ে গ্রামের বাড়ি ঈদের ছুটিতে বেড়াতে আসে রুশা মনি। ঢাকা থেকে আসার পর জ্বরের তীব্রতা বেড়ে গেলে শুক্রবার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার আবুল খায়ের মাহমুদ রাসেল উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রুশা মনিকে প্রথমে চাঁদমারি বেসরকারি হাসপাতাল রাহাত আনোয়ারে ভর্তি করা হয়। পরে রুশার স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটলে রাত ৮টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে নেয়া হয়।
লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
রুশা মনির মামা দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান জসীম বলেন, অনেক আনন্দ নিয়ে মেয়েটি বাবা-মায়ের সঙ্গে ৮ আগস্ট ঢাকা থেকে গ্রামের বাড়ি এসেছিল ঈদ করবে বলে। মাত্র নয় বছর বয়সে ডেঙ্গু ওর জীবনপ্রদীপ নিভিয়ে দিল। অনেক চেষ্টা করেও ওকে বাঁচাতে পারলাম না।
