ফতুল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০৬:১৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় চোর সন্দেহে জুম্মন প্রকাশ (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শনিবার দুপুর দেড়টার দিকে ফতুল্লার কুতুবপুরের পূর্ব দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুম্মন কুতুবপুরের দেলপাড়া রঘুনাথপুরের কাইয়ুমের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, দুপুর দেড়টার দিকে পূর্ব দেলপাড়া এলাকায় একটি বাড়িতে চুরি করতে গেলে এলাকাবাসীর হাতে আটক হয় জুম্মন। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, নিহত জুম্মন প্রকাশের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত