ডাব পাড়াকে কেন্দ্র করে ৪ জনকে কুপিয়ে জখম

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১০:৪৭ পিএম

আড়াইহাজারে ডাব পাড়াকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখমের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নগর ডৌকাদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মতিন (৫৫), তার ছেলে সিরাজুল ইসলাম (৩০), মেয়ে সুমাইয়া (২০) ও ভাই হাবিবুর রহমান (৬০)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মতিন জানান, তার বাড়ির সীমানাসংলগ্ন একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়তে গেলে প্রতিবেশী আজিজুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে প্রথমে তার ওপর হামলা চালায়। অন্য সদস্যরা রক্ষা করতে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এদিকে অভিযোগ অস্বীকার করে আজিজুল বলেন, ‘তিনি বা তার পরিবারের কেউ কারও ওপর হামলা করেনি। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।’

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘মতিনের স্ত্রী রাহিমা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত