চট্টগ্রামের মিরসরাইয়ে ১৭ মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত ব্যক্তিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত শুক্রবার জোরারগঞ্জ থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিহাব উদ্দিনের বাড়ি নোয়াখালী সদর থানার পূর্ব চর মটুয়া গ্রামে। পুলিশ শিহাবকে শুক্রবার রাত ২টায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। শিহাব উদ্দিন মিরসরাইয়ের আবুরহাট বাজারের মো. আশরাফ উদ্দিন জামে মসজিদে ইমামতি করত। গতকাল শনিবার দেশ রূপান্তরে এ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিহাব উদ্দিনকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
