অভিযান চালিয়ে ৬২ হাজার ৯৬০টি বাড়ির এডিস মশার লার্ভা ধ্বংস করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত ১ জুলাই থেকে এ পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৭৬২টি বাসা পরিদর্শন করেছে সংস্থাটি। গতকাল শনিবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘পৌর করদাতাদের মাঝে অ্যারোসল স্প্রে বিতরণ’ অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ তথ্য দেন।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ ও সচিব মোস্তফা কামাল মজুমদার।
সাঈদ খোকন বলেন, ‘আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ করতে পেরে গত ১ জুলাই থেকে বাসায় বাসায় পরিদর্শনে টিম পাঠাই। এরপর স্কাউটের সহায়তা নেওয়া হয়। এ পর্যন্ত ডিএসসিসির টিম ২৫ হাজার ৯৯৭টি বাসা পরিদর্শন করে ৮২৩টি বাসায় লার্ভা পায়। সেখানে তারা সেগুলো ধ্বংস করে দিয়ে আসে। এ ছাড়া স্কাউটের সহায়তায় মোট ১ লাখ ১০ হাজার ৭৬৫টি বাসা পরিদর্শন করা হয়। সেখানে ৬২ হাজার ২৩৭টি বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং তা ধ্বংস করে পরিষ্কার করা হয়।’
মেয়র বলেন, ‘আমরা কর্মপদ্ধতি ঠিক করেছি এডিস মশা উৎসস্থলেই নির্মূল করতে হবে। এ জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। আমরা যেভাবে কাজ করছি, আল্লাহর রহমতে সেপ্টেম্বরের প্রথম সপ্তহে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।’সাঈদ খোকন বলেন, ‘নগরবাসী আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে। জনসচেতনতা গণজাগরণে পরিণত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নির্দেশনা দিচ্ছেন। নগরবাসী ফলাফল দেখতে পাবেন। আমাদের নতুন ওষুধ স্প্রে করা শুরু হয়েছে। এরপর যদি দেখেন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে তাহলে বুঝবেন আমরা সঠিক পথে আছি। আর যদি না কমে তাহলে আমরা অন্য পন্থা অবলম্বন করব। তবে আশা করি কমে আসবে।
