রংপুরে কোথায় কখন ঈদের জামাত

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০৬:৩৫ পিএম

পবিত্র ঈদ উল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত উত্তরের বিভাগীয় নগরী রংপুর। ইতিমধ্যে ঈদের জামাত আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে সোমবার সকাল সাড়ে আটটায় ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকলে কালেক্টরেট ঈদগাহের পরিবর্তে কাচারি বাজার কোর্ট জামে মসজিদে সকাল ৯টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে রংপুর অঞ্চলের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় গঙ্গাচড়ার তালুক হাবু ঈদগাহ মাঠে। এখানে প্রায় লক্ষাধিক মানুষ ঈদের নামাজ আদায় করেন।

এছাড়াও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠ, জিলা স্কুল মাঠ, রংপুর স্টেডিয়াম, কেরামতিয়া জামে মসজিদ, আশরাফিয়া জামে মসজিদ, কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ, দক্ষিণ মুলটোল জামে মসজিদ, মুন্সিপাড়া ঈদগাহ মাঠ, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, মুলাটোল আলিয়া মাদ্রাসা মাঠ, জুম্মাপাড়া মাদ্রাসা মাঠ, জিয়াতপুকুর মাজার শরীফ মসজিদ মাঠ, নগর মীরগঞ্জ ঈদগাহ মাঠ, সাতমাথা ঈদগাহ মাঠ, মাহিগঞ্জ শাহী মসজিদ ঈদগাহ মাঠসহ মহানগরীর ৭৫টিসহ রংপুর বিভাগে প্রায় বারো শতাধিক ঈদগাহ মাঠে সকাল ৮ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে ঈদের জামাতের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ঈদের দিন সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ঈদ জামাতে বিশেষ মোনাজাত এবং হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু সদনগুলোতে বিশেষ খাবার পরিবেশন এবং সিটি করপোরেশন এলাকার সড়ক ও সড়ক দ্বীপসমূহ সজ্জিত করা হয়েছে।

এদিকে ঈদের জামাতসহ সার্বিক পরিস্থিতিতে জনমন শঙ্কামুক্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করেছেন। রয়েছে পুলিশি টহল ব্যবস্থা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবু সুফিয়ান জানান, ঈদগাহ মাঠ ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত