দুর্গাপূজায় কর বসানোর প্রস্তাব কেন্দ্রের, প্রতিবাদে সরব মমতা

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১১:১৬ এএম

দুর্গাপূজা কমিটির ওপর কর বসানো নিয়ে কেন্দ্রের চেষ্টার বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। রোববার একাধিক টুইটে মুখ্যমন্ত্রী জানান, বেশ কয়েকটি পূজা কমিটিকে নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর। এই প্রসঙ্গে মমতার ভাষ্য, “উৎসব সবার, আমরা কোনো পূজায় কর দিতে চাই না।”

পশ্চিমবঙ্গে দুর্গাপূজা কমিটিগুলো কোটি কোটি টাকা খরচ করে। সেগুলোকে করের আওতায় চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

এ রাজ্যে প্রতি বছর প্রায় ২৮ হাজার দুর্গাপূজার মণ্ডপ হয়। তবে স্থানীয়দের দাবি, কলকাতায় এ সংখ্যা প্রায় ২২শ’। এর মধ্যে শুধু ২৫টি কমিটির বাজেট থাকে গড়ে ৫০ লাখ রুপি করে। বাকিগুলোতে প্রায় ১৫ লাখ রুপি।

জুলাইয়ে বেশ কয়েকটি পূজা উদ্যোক্তাকে ডেকে পাঠায় আয়কর বিভাগ। ওই সময় বিষয়টি হিন্দু-বিরোধী বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “এটা পূজার অপমান। নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে টাকা খরচ করে, সে ব্যাপারে কী হবে? পূজাকে কি করমুক্ত করা হবে না? পূজা কমিটিগুলোর আয় কী? তারা সাধারণ মানুষের থেকে অনুদান নেয়। বিভিন্ন সংস্থা থেকে তারা স্পনসর এবং বিজ্ঞাপন নেয়, তারা জিএসটি দেয়।”

এদিকে কয়েক বছর আগে দুর্গাপূজার বিসর্জনের শোভাযাত্রা নিয়ে মমতার কড়াকড়ির বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি। তবে এবার, তৃণমূল কংগ্রেস ভাবছে, পূজা কমিটিকে করের আওতায় আনা বিজেপির জন্য আত্মঘাতী হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত