কয়েক দিনের টানা বৃষ্টিতে মিয়ানমারের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জন। বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
সেখানে বলা হয়, বৃষ্টিতে শুক্রবার মোন রাজ্যে এ ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। প্রবল বৃষ্টি ও কাদার কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।
মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে মিয়ানমারের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে। বহু সেতু ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, দুর্গত ৮০ হাজার মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।
ভূমিধসে পাউং শহরসংলগ্ন একটি গ্রামের ২৭ বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘটনার পাঁচ দিন পরও উদ্ধারকাজ অব্যাহত আছে।
মিয়ানমারের অনেক রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ মোন রাজ্যেই সবচেয়ে বেশি।
দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিয়ো সোমবার বন্যা উপদ্রুত অঞ্চল পরিদর্শন করেন। উদ্ধারকাজ জোরদার করার জন্য আরও নৌকা দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই সময়।
