সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম চর এলাকায় যমুনা নদীতে বিয়ের বরযাত্রী বোঝাই নৌকাডুবিতে এক নারী নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন আরও দুজন বরযাত্রী।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের দুর্গম সিন্নারচর এলাকার যমুনা নদীতে বরযাত্রী বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নিহত রেনু খাতুনের বাড়ি জামালপুর উপজেলার চর আদ্রা গ্রামে।
এ বিষয়ে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, চরআদ্রা গ্রাম থেকে নৌকাটি ২৫ জন বরযাত্রী নিয়ে কাজীপুর খাসরাজবাড়ি ইউনিয়নের গোদারবাগ গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। নৌকাটি সিন্নারচর এলাকায় পৌঁছালে যমুনার প্রবল স্রোত ও প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়ে ডুবে যায়। এতে ৩ বরযাত্রী নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ১ বৃদ্ধার লাশ উদ্ধার করে। বাকিদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালাচ্ছে।
তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে দুপুর থেকে কাজীপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে। এ ছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।
কাজীপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে ময়মনসিংহ জিআইজি অফিসে কর্মরত বিল্লাল হোসেন নামের একজন পুলিশ কনস্টেবল রয়েছেন।
