ইসলামিক বক্তা জাকির নায়েককে বহিষ্কারের দাবি তুলেছেন মালয়েশিয়ার তিন মন্ত্রী। তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার বিষয়ে মালয়েশিয়ার মন্ত্রিসভায় এক বৈঠক হয় গতকাল বুধবার।
ওই বৈঠকে নায়েকের বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগ এনে তাকে বহিষ্কারের দাবি জানান ওই তিন মন্ত্রী।
জাতি ও ধর্ম মালয়েশিয়ার একটি স্পর্শকাতর ইস্যু। দেশটির ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার ৬০ শতাংশ মুসলিম। বাকি জনসংখ্যার অধিকাংশই চীনা ও ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বংশোদ্ভূতদের অধিকাংশই হিন্দু। ভারতের সংখ্যালঘু মুসলিমদের থেকে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ‘১০০ গুণ বেশি অধিকার ভোগ করে’ বলে মন্তব্য করেছিলেন জাকির নায়েক।
অভিযোগকারী মালয়েশীয় মন্ত্রীরা বলেছেন, মালয়েশিয়ার মুসলিমদের সঙ্গে অমুসলিমদের দূরত্ব তৈরি করার উদ্দেশ্যে এ মন্তব্য করা হয়ে থাকতে পারে।
এক বিবৃতিতে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিং দেও বলেন, ‘আমরা আমাদের অবস্থান জানিয়েছি, তা হলো জাকির নায়েকর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাকে আর মালয়েশিয়ায় থাকার অনুমতি না দেওয়া।’
দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান, পানি, ভূমি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী জাভিয়ার জয়াকুমারও বিবৃতি প্রকাশ করে নায়েককে বহিষ্কারের জন্য প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের প্রতি আহ্বান জানিয়েছেন।
