কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের এক সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার অঞ্চলটিতে স্বাধীনতা দিবস উদযাপন করেছে ভারত। কিন্তু সে অনুষ্ঠান সাধারণ কাশ্মীরিদের অংশগ্রহণ ছাড়াই হয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শ্রীনগরের একটি সুরক্ষিত স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন জম্মু ও কাশ্মীর রাজ্যের রাজ্যপাল। সেখানে শুধু নিরাপত্তা বাহিনী, সরকারি কর্মকর্তা বা তাদের পরিবারের সদস্যদেরই দেখা যায়।
কাশ্মীর থেকে বিবিসি সংবাদদাতারা আরও জানান, শ্রীনগর শহরের কেন্দ্রস্থলে কিছু বিজেপি সমর্থক ভারতের পতাকা উত্তোলনের চেষ্টা করেও সফল হননি। স্বাধীনতা দিবস উদযাপনের পর শহরের কোনো কোনো জায়গায় কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
শ্রীনগরে বরাবরই ভারত সরকারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় বকশি স্টেডিয়ামে। সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন জম্মু-কাশ্মীর রাজ্যের বর্তমান গভর্নর সত্যপাল মালিক। শ্রীনগর থেকে বিবিসি উর্দুর রিয়াজ মাসরুর জানান, মাছি গলতে পারবে না এমন কঠোর নিরাপত্তা ছিল গোটা স্টেডিয়ামে। গ্যালারিতে সাধারণ কাশ্মীরি বা শহরের সাধারণ লোকজনকে একেবারেই দেখা যায়নি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেখা যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকেও। তিনি গত কয়েক দিন ধরে কাশ্মীর উপত্যকায়।
এদিকে ভারতের স্বাধীনতা দাবিতে কাশ্মীরের কার্যত সীমান্ত নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলিতে তিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় পাঁচ সেনাও নিহত হয়েছে। যদিও ভারত একে ‘বানোয়াট’ বলছে।
