টুঙ্গিপাড়ায় শেখ সেলিম

কমিশন করে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের সবার বিচার হবে

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৪:৪০ এএম

তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যায় জড়িত নেপথ্যের সবাইকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। গতকাল বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শেখ সেলিম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জড়িত যে মুষ্টিমেয় কিছু লোকের বিচার হয়েছে, শুধু এ কজন বঙ্গবন্ধুকে হত্যা করেনি। এত বড় নেতাকে, বিশ্বনন্দিত নেতাকে এবং যিনি আমাদের একটা স্বাধীনতা দিয়েছেন, এমন একজন নেতাকে মুষ্টিমেয় কয়েকজন হত্যা করতে পারে না। এরা কজন সামনে ছিল, পেছনে যারা এ হত্যার পরিকল্পনা করেছিল এবং মূল নায়ক ছিল তাদের  খুঁজে বের করতে একটা তদন্ত কমিশন গঠনের কথা আমরা চিন্তা করছি।’

তিনি আরও বলেন, ‘একটু সময় লাগছে, তবে তদন্ত কমিশনের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে যারা ছিল তাদের আমরা খুঁজে বের করার চেষ্টা করব। প্রয়োজনে তাদেরও বিচার করা হবে। বাঙালি জাতির জন্য জানার একটা সুযোগ থাকবে যে এই অপরাধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।’

বঙ্গবন্ধু হত্যায় কতিপয় বাঙালির জড়িত থাকায় হতাশা প্রকাশ করে শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ সেলিম বলেন, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু সারা জীবন কষ্ট করলেন, নির্যাতন ভোগ করলেন, সেই বাঙালিরা বঙ্গবন্ধুকে হত্যা করল। পাকিস্তানিরা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পায়নি।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর ধানম-ি থানায় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আ ফ ম মহিতুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০০৯ সালের ১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়। এতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে কারাগারে থাকা পাঁচ খুনির ফাঁসির আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। বাকি সাতজনের মধ্যে আজিজ পাশা জিম্বাবুয়েতে রাজনৈতিক আশ্রয়ে থাকা অবস্থায় ২০০১ সালের ২ জুন মারা যান বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়। তবে রায় ঘোষণার প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও বিভিন্ন কারণে বিদেশে আত্মগোপনে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সম্ভব হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত