কিউইদের লড়াইয়ে রাখলেন ওয়াটলিং

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৯:৩৬ পিএম

প্রথম ইনিংসে ১৮ রানের লিড নেওয়ার পর নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে চেপে ধরে শ্রীলঙ্কা। লঙ্কান বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অতিথিরা। তবে বিজে ওয়াটলিংয়ের ফিফটিতে লড়াইয়ে টিকে আছে কিউইরা।

শুক্রবার গল টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৯৫ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

এর আগে ৭ উইকেটে ২২৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২৬৭ রানে থামে দলটি। দলের বিপর্যয়ে দারুণ খেলা নিরোশান ডিকভেলা ৬১ রান করেন। সুরঙ্গা লাকমল করেন ৪০ রান।

আগের দিন ৫ উইকেট পেয়েছিলেন এজাজ প্যাটেল। এদিন আর উইকেটের দেখা পাননি তিনি। উইলিয়াম সামারভিল ৩টি ও ট্রেন্ট বোল্ট পেয়েছেন ২ উইকেট।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। প্রথম চার ব্যাটারের মধ্যে ব্যর্থ হয়েছেন তিনজনই। শুধু টম ল্যাথাম ৪৫ রান করেন।

ছয় নম্বরে নেমে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। ৬৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। সামারভিল তার সঙ্গে ৫ রান নিয়ে ব্যাট করছেন। লঙ্কানদের পক্ষে সর্বাধিক ৪ উইকেটে পেয়েছেন লাসিথ এম্বুলদেনিয়া। ২ উইকেট পান ধনঞ্জয়া ডি সিলভা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত