পরিবার মেনে না নেয়ায় নববধূর গলা কেটে হত্যা

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১০:৩০ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে আয়েশা বেগম মিম (১৮) নামের এক নববধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের একটি লিচু বাগানের মধ্য থেকে তার লাশটি উদ্ধার করে। নিহত মিম কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের ইদ্রিস মন্ডলের মেয়ে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, ওই উপজেলার রঘুনাথপুর গ্রামের হাসেম আলীর ছেলে একলাস আলী প্রায় তিন মাস আগে প্রেম করে ওই মেয়েকে বিয়ে করে। কিন্তু ছেলের পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মিমকে নিয়ে ঢাকা যাওয়ার কথা বলে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে গ্রামের লিচু বাগানে বসে তারা দীর্ঘক্ষণ গল্প করে। রাতের শেষ দিকে স্বামী একলাস তার স্ত্রী মিমকে ধারালো চাকু অথবা ছুরি দিয়ে গলার নলি কেটে হত্যা করে বলে পুলিশের ধারণা। ঘটনার পর থেকে স্বামী একলাস পলাতক রয়েছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত