মিরপুরের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০১:২৬ এএম

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে গতকাল শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাগা এই আগুন সোয়া তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনায়েত হোসেন দেশ রূপান্তরকে জানান, মিরপুর ৭ নম্বরের রূপনগর থানার পেছনে অবস্থিত চলন্তিকা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে ১৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে পরবর্তী সময়ে যুক্ত হয় আরও ছয়টি ইউনিট। তাদের প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় চারজন আহত হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুনের কারণ ও জানমালের ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

স্থানীয়রা জানান, চলন্তিকা বস্তিতে নিম্ন আয়ের প্রায় ২৭০০ পরিবারের বসবাস। আগুনের সূত্রপাত বস্তির মাঝখানের একটি ঘর থেকে। তারপর আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন প্রাণ বাঁচাতে নিরাপদে চলে যায়।

রূপনগর থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও র‌্যাবের বিভিন্ন টিম আগুনের হাত থেকে বাঁচাতে বস্তিবাসীকে নিরাপদে সরিয়ে নেয়। বস্তিবাসীরাও তাদের মালামাল রক্ষার আপ্রাণ চেষ্টা চালায়। তিনি বলেন, পর্যাপ্ত পানির অভাবে আগুন নেভাতে বেগ পেতে হয়। রাত ৯টার দিকে পুলিশের মিরপুর জোনের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানিয়েছিলেন, ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য ঘটনাস্থলের আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে না এলেও কোনো প্রাণহানি হয়নি।

স্থানীয়রা আরও জানান, আগুন ছড়িয়ে বস্তির পশ্চিম পাশে আল আরাবিয়া নামে একটি মসজিদ ভবনে লাগে। চারতলা ওই মসজিদ ভবনের নিচতলায় মার্কেট, দ্বিতীয় তলা থেকে মসজিদ। নিচতলায় আগুন লেগে কয়েকটি সবজির দোকান পুড়ে যায়। মসজিদের পাশে একটি বহুতল ভবন, বিজিএমইএর একটি হাসপাতাল এবং কয়েকটি পোশাক কারখানা রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত