নরসিংদীর ড্রিম হলিডে পার্ক

ঈদ উৎসবে মেতে উঠেছে দর্শনার্থীরা

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০১:৩০ এএম

গাছগাছালি বেষ্টিত মনোরম পরিবেশ সঙ্গে বিনোদনের নানা বৈচিত্র্যের রাইডসের সমাহার, এ দুয়ের সমন্বয়ে নরসিংদীর অন্যতম বিনোদনকেন্দ্র ড্রিম হলিডে পার্ক। দেশের নানা প্রান্তের বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখর পার্কটি। ঈদ উপলক্ষে সংযোজন করা হয়েছে সেখানে নতুন নতুন রাইডস। পাশাপাশি বর্ণিল সাজে সেজেছে জেলার এ বিনোদনকেন্দ্রটি।

বেসরকারি ব্যবস্থাপনায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচদোনার চৈতাবতে গড়ে ওঠা দৃষ্টিনন্দন পার্কটি গত সাত বছরে নজর কেড়েছে দেশি-বিদেশি দর্শনার্থীদের। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি। এর প্রবেশমূল্য তিনশ টাকা। ঈদুল আজহা উপলক্ষে পার্কটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

সংযোজন করা হয়েছে ড্রিম সাফারি ওয়ার্ল্ডের বেশ কিছু মনোমুগ্ধকর স্থাপনা। অত্যাধুনিক পার্কটিতে সুইমিংপুল, এয়ার বাইসাইকেল, বাম্পারকার, সোয়ান বোর্ড, ওয়াটার বোর্ড, অত্যাধুনিক রোলার কোস্টার, ডেমু ট্রেন, সুইং চেয়ার, স্পিডবোট, ন্যাচারাল হৃদ, বাচ্চাদের অতি প্রিয় নটিক্যাসেল, জাম্পিং হর্স, লাফার কিংসহ আইস পাহাড়সহ এবারের ঈদে যোগ হয়েছে ড্রিম আইকন, ড্রিম সাফারি পার্ক, সেকিউকার, হেলিকপ্টারের মতো সব রাইডস।

ময়মনসিংহ থেকে ঘুরতে আসা তুষার খান বলেন, ‘ঈদের ছুটিতে বাড়তি আনন্দ উপভোগ করতেই ড্রিম হলিডে পার্কে আসা। এখানকার দৃষ্টিনন্দন পরিবেশে একটা দিন কাটাতে পেরে ভালো লাগছে।’ সিলেট থেকে আসা রাইসুল খান বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে দিনভর খুব মজা করলাম। বাচ্চারা বিভিন্ন রাইডস চড়ে আনন্দ পেয়েছে।’ নারায়ণগঞ্জ থেকে ঘুরতে এসেছেন তারেক হোসেন। বলেন, ‘এখানকার পরিবেশ খুবই ভালো। প্রতি উৎসবেই এখানে আসার চেষ্টা করি। নিত্যনতুন রাইড স্থাপন করে দর্শনার্থীদের আকর্ষণ করেন পার্ক কর্র্তৃপক্ষ।’

ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, ‘প্রতি ঈদেই পার্কে নতুন নতুন রাইড সংযোজন করা হয়। পাশাপাশি বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত, তার নিদর্শনগুলো পার্কে স্থাপন করা হয়েছে।

ড্রিম হলিডে পার্ককে বিশ্বমানের পার্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। পার্কে চলতি ঈদ মৌসুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এডিস মশার উপদ্রব থেকে পার্কটিকে মুক্ত রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত