নারায়ণগঞ্জের বন্দরে বাড়ি থেকে ডেকে নিয়ে মনির হোসেন (৪০) নামে এক ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার ও তার মা তেহারুন বেগমকে (৬২) নৃশংসভাবে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ ঘরের আলমারিতে রক্ষিত নগদ ৫৫ হাজার টাকা ও ২ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়।
শনিবার ভোরে ২৬নং ওয়ার্ডের রামনগর এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে মনিরকে গুরুতর অবস্থায় প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহত মনিরের স্ত্রী সালমা বেগম দেশ রূপান্তরকে জানান, মৃত আমির চানের ছেলে ইলিয়াস মেম্বার ও তার ছেলেরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এসব অপকর্ম বন্ধ করার জন্য একই এলাকার আলী আকবর মিয়ার ছেলে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স নবীগঞ্জ ইউনিটের ম্যানেজার মনির প্রতিনিয়তই বাধা দিয়ে আসছে।
শুক্রবার বিকেলে সন্ত্রাসীরা মনিরকে হত্যার হুমকি দেয়। নিরাপত্তার স্বার্থে মনির শুক্রবার সন্ধ্যায় বন্দর থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় ইলিয়াস মেম্বার এবং তার দুই স্ত্রী’র সন্তান তানসেন, রুবেল, সাদ্দাম, শামীম, আক্তার এবং তাদের সহযোগী ওই এলাকার ডাকাত সুমন ও কালুসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে শনিবার ভোর ৬টায় মনিরের বাড়িতে হানা দেয়।
মনির ঘুমিয়ে থাকায় সন্ত্রাসীরা তাকে ডেকে এনে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কোপায়। তাকে উদ্ধারে তার মা তেহারুন বেগম এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলাকারীরা মনিরের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আলমারিতে থাকা নগদ ৫৫ হাজার টাকা ও ২ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়।
পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মনিরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, এ ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
