সাতক্ষীরার গোবিন্দকাটিতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
ধর্ষিতা ওই ছাত্রী (৯) রুদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
এই ঘটনায় ধর্ষক সাজু সরদার (২২) পলাতক রয়েছে। সাজু একই গ্রামের আলমগীর সরদারের ছেলে।
ধর্ষিতার স্বজনেরা জানান, সকালে বৃষ্টি হচ্ছিল তখন বাড়িতে সবাই রান্নাসহ গৃহস্থলীর কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে প্রতিবেশী চাচাতো ভাই সাজু ওই স্কুল ছাত্রীকে প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।
পরে তার মাসহ স্বজনেরা তাকে রক্তাক্ত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। স্বজনেরা জানান, এ ঘটনায় ধর্ষক সাজুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
