এ কর্তৃপক্ষ মশা নিয়ন্ত্রণ করতে পারবে না: এবিএম আব্দুল্লাহ

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১০:২০ পিএম

দায়িত্বশীল কর্তৃপক্ষ আগামী সাতদিনে এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মনে করছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ।

শনিবার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সামনের সাতদিনকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেন সরকারের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা। 

এরপর গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে অধ্যাপক এবিএম আব্দুল্লাহর মতামত চাওয়া হয়।

এ সময়ে মশা নিধন কতটা সম্ভব হবে জানতে চাইলে তিনি বলেন, কাজ আসলে কতোটুকু হয়েছে তা তো বলা মুশকিল। কেননা, মশা তো কমে নি। আমার মনে হয় কর্তৃপক্ষ মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রাকৃতিক উপায়ে যদি কমে, তাহলে হয়ত কমবে।

আগামী সাতদিনকে চ্যালেঞ্জিং বলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হলে ডেঙ্গু মশার সংখ্যা বেড়ে যায়। মুষলধারে বৃষ্টি হলে তেমন সমস্যা হতো না। মশার সংখ্যা বাড়লে তো ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। সেজন্যেই হয়তো আগামী সাতদিনকে চ্যালেঞ্জিং বলা হচ্ছে।

এ অবস্থায় করণীয় বিষয়ে আবদুল্লাহ বলছিলেন, জ্বর হলে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হুট করে পরীক্ষা করা বা হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। ডাক্তারকে আগে দেখিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, এ  ছাড়া মশার কামড় থেকে বাঁচার জন্যে যা করার তাই করতে হবে। যেমন, দিনের বেলায়ও মশারি টাঙিয়ে শুতে হবে। যতটা সম্ভব লম্বা কাপড় ও মোজা পরে থাকতে পারলে ভালো। সম্ভব হলে বাড়ির আশপাশে স্প্রে করতে হবে। জমানো পানি যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আসলে একটি সম্মিলিত উদ্যোগ দরকার, যা খুব একটা পরিলক্ষিত হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত