আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ৪

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১১:২০ পিএম

নীলফামারীর জলঢাকায় শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে দু’পক্ষই। গত শুক্রবার রাতে জলঢাকা থানায় ওই মামলা দুটি করা হয়।

একটি মামলার বাদী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু। ওই মামলায় ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফাকে।

অপরদিকে সাবেক সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা গ্রুপের পক্ষে জলঢাকা পৌর আওয়ামী লীগ সভাপতি আশরাফ হোসেন বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে জলঢাকা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনছার আলী মিন্টু ও সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেলকে। এদিকে ওই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ায় ঘটনার পরপরই রাতে পুলিশের পক্ষ থেকে উভয় গ্রুপের  নেতাকর্মীদের আসামি করে একটি মামলা হয়েছে থানায়। এ নিয়ে ঘটনাটিতে তিনটি মামলা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত