বিএনপির অবস্থা কাদায় আটকা গরুর গাড়ির মতো : কাদের

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০৩:৪৯ এএম

নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি নিজেদের শূন্য করেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপিকে কাদায় আটকা গরুর গাড়ির সঙ্গেও তুলনা করেন তিনি।

২০০৪ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ আধিপত্যবাদী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে রাজনীতিশূন্য করার পরিকল্পনা করেছেÑ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘নেতিবাচক ধ্বংসাত্মক রাজনীতি করতে করতে আপনারা ভুলের চোরাবালিতে এসে নিজেরাই নিজেদের শূন্য করে দিয়েছেন, আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে চায়নি। তিনি বলেন, ‘আপনাদের দেখলে মনে হয় শিল্পী জয়নুলের বিখ্যাত কাদা মাটিতে আটকে পড়া গরুর গাড়ির মতো। সেই কাদা থেকে বের হতে হলে আপনাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে।’ বাংলাদেশের জনগণ বিএনপি নেতাদের সঙ্গে নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনি (মির্জা ফখরুল) নির্বাচিত হয়েও নিজের আসন শূন্য করে দিয়েছেন, আপনি তো শূন্য হবেনই।’ এ সময় কোরবানির পশুর চামড়া বিক্রি নিয়ে অস্থিরতা প্রসঙ্গে মির্জা ফখরুলের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, এখনো ষড়যন্ত্র চলছে, এখনো বাতাসে চক্রান্তের গন্ধ আছে। রক্তের গন্ধ আমরা পেয়েছি বারে বারে। আপনাদের প্রাইম টার্গেট বিশ্বে জনপ্রিয়, জননন্দিত নেত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, কয়েক মাস পর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন, নির্বাচন আবার আসছে। জোর করে ক্ষমতার দাপাট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চান না। আমরা জনগণকে খুশি করে জনগণের রায় মেনে নির্বাচিত হতে চাই। তিনি বলেন, প্রতিনিধি যারা আছেন, আপনারা কেউ যদি ভাবেন ক্ষমতায় আছি জিতেই যাব, তাহলে ভুল করবেন। আপনাকে জনগণের মন জয় করে, জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে। সিটি করপোরেশন নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, মহানগর উত্তরের সভাপতি রহমত উল্লাহ, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত