কলকাতায় সড়কে নিহত সোহাগের বাড়িতে মাতম

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০২:৫১ পিএম

কলকাতার সেক্সপিয়ার সরণিতে সড়ক দুর্ঘটনায় নিহত সোহাগের (৪০) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। সোহাগ ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের অ্যাডভোকেট মো. খলিলুর রহমানের ছেলে। তিনি গ্রামীণ ফোনের ঢাকার মতিঝিল এলাকার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ইতোমধ্যে রবিবার সকালে নিহত দুজনের লাশ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে সোহাগের মরদেহ বাড়িতে এসে পৌঁছায়। তখন বাড়িতে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী, ভাই-বোনেরা কান্নায় ভেঙে পড়ে। মরদেহ দেখতে এলাকাবাসী ভিড় করে।

নিহতের চাচাতো ভাই জিহাদ জানান, শুক্রবার রাত ১টা ৫০ মিনিটের দিকে কলকাতার শেক্সপিয়ার সরণি ক্রসিংয়ের সামনে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি প্রাইভেটকার ছিটকে পাশের ট্রাফিক বিটে ধাক্কা খায়। বৃষ্টির কারণে সেখানে অপেক্ষা করছিলেন সোহাগ, ফারহানা ইসলাম তানিয়া ও জিহাদ। একটি প্রাইভেটকার তাদের পিষ্ট করলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এরপর চাচাতো ভাই জিহাদ লাশ গ্রহণ করেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

চোখের সমস্যা নিয়ে বুধবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখাতে যান তারা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ জোহর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে সোহাগকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত