ঢাকায় বগুড়া ডিবি পুলিশের অভিযান, ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০৫:৩৩ পিএম

ঢাকার মিরপুরে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করত হবিগঞ্জের ফারুক মিয়া (২৫)। গত ১৬ আগস্ট বগুড়ায় ৪ সহযোগীসহ পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে গ্রেপ্তার হয় সে। তার দেওয়া তথ্যমতে মিরপুরের ভাড়ার বাসায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে বগুড়ার ডিবি পুলিশ। এ সময় ওই বাসায় থেকে মাদক ব্যবসার সহযোগী এক কিশোরকেও আটক করেছে তারা। এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক আসলাম আলী জানান, শনিবার ডিবি পুলিশের একটি টিম ফারুককে সঙ্গে নিয়ে মিরপুর-১ এর মধ্য পাইকপাড়া এবিসি ভিলা নামক ভাড়া বাসার চতুর্থতলায় অভিযান চালায়। এ সময় ওই বাসায় একটি কালো রঙের স্কুল ব্যাগ থেকে ৮টি প্যাকেটে থাকা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ফয়েজ উদ্দিন (১৬) নামে এক কিশোরকে আটক করে ডিবি পুলিশ।

আটক ফয়েজ কক্সবাজার সদর উপজেলার তেতিয়া গ্রামের সুরত আলীর ছেলে। এই ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত