ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী ছেড়ে আসা আন্ত:নগর কপোতাক্ষ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনা থেকে রাজশাহীগামী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার সন্ধ্যা ৭ টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রেল স্টেশনে এ দূর্ঘটনাটি ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
কোটচাঁদপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওছার মাহমুদ করে জানান, রাজশাহী থেকে খুলনা দিকে কপোতাক্ষ ট্রেনটি যাচ্ছিল। পথে ৭ টার দিকে ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনে পৌঁছায়। সেখানে যাত্রা বিরতি দেয়। পরে ট্রেনটি চলা শুরু করলে স্টেশন এলাকার মধ্যে একটি বগির লাইনচ্যুত হয়। এতে খুলনা থেকে উত্তরবঙ্গের সকল প্রকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
উদ্ধার ট্রেন আসার অপেক্ষায় রয়েছে। ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা জানাতে পারেনি ওই কর্মকর্তা।
