ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী ছেড়ে আসা আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। ফলে খুলনা থেকে রাজশাহীগামী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
কোটচাঁদপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওছার মাহমুদ জানান, রাজশাহী থেকে খুলনার দিকে কপোতাক্ষ ট্রেনটি যাচ্ছিল। পথে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি দেয়। পরে ট্রেনটি চলা শুরু করলে স্টেশন এলাকার মধ্যে একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনা থেকে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার অপেক্ষায় রয়েছে। ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।
