যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় চারটি বাসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ পেয়ে রবিবার চট্টগ্রাম মহানগরের কর্নেলহাট এলাকায় এ অভিযান চালায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ঈদের অজুহাতে এখনো বিভিন্ন বাস যাত্রীদের কাছ থেকে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া নিচ্ছে। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনাপুর থেকে চট্টগ্রামগামী বাঁধন পরিবহনের দুটি বাস, মজু চৌধুরীর হাট থেকে চট্টগ্রামগামী শাহী এক্সপ্রেসের একটি বাস এবং দাউদকান্দি থেকে চট্টগ্রামগামী দাউদকান্দি এক্সপ্রেসের একটি বাসকে ২০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নগরীর ১০ নম্বর রুটের একটি ফিটনেসবিহীন বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, বাসগুলোতে মালিক সমিতির দেওয়া ভাড়ার তালিকা রাখা হলেও তা তারা মানছে না। তালিকার চেয়ে রুটভেদে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। আন্তঃজেলা বাস মালিক সমিতি ঈদের আগে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বাড়তি ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও অনেক বাস মালিক তা রাখছেন না বলে জানান ম্যাজিস্ট্রেট।
