গান-কথামালায় স্মরণ সেলিম আল দীনকে

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১২:৫৪ এএম

বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার সেলিম আল দীনের ৭০তম জন্মদিন ছিল গতকাল রবিবার। এ উপলক্ষে গান, আলোচনাসহ ছিল নানা আয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এই আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় পুরনো কলাভবনের সামনে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এরপর কলাভবন থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শেষ হয় সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি ফুল দিয়ে এ নাট্যকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এর মধ্যে ছিল ঢাকা থিয়েটার, স্বপ্নদল, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার ইত্যাদি সংগঠন। উপস্থিত ছিলেন নাট্য ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, জাবি উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক নুরুল আলম, ট্রেজারার অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক আফসার আহমদ, ইউসুফ হাসান, রেজা আরিফ, জাহিদ রিপন, রুবাইয়াৎ আহমেদসহ অনেকে।

শ্রদ্ধা নিবেদনের পর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের থিয়েটার ল্যাব ৪-এ অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। এতে অংশ নেন নাসির উদ্দীন ইউসুফ, ইউসুফ হাসান অর্ক, রশীদ হারুনসহ অনেকে। বেলা ২টায় একই স্থানে দেখানো হয় তথ্যচিত্র ‘মানুষের নাটক, নাটকের মানুষ’। এ ছাড়া সেলিম আল দীনকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করেন সেলিম আল দীনের লেখা ‘যৈবতী কন্যার মন’ নাটকের গান। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রুবাইয়াৎ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘ঈদের ছুটির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বড় পরিসরে আয়োজনটি করা যায়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত