রাজধানীর লালবাগের কাশমিরি টোলা এলাকায় শিলা (২৮) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে টিনশেড বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার বলছে, শিলা তার প্রেমিক হিসেবে পরিচিত সাগর নামে এক যুবকের বাসায় গিয়েছিল। পরে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় প্রাইভেটকার চালক সাগরকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, রাতে খিঁচুনি উঠে হঠাৎ অসুস্থ হয়ে শিলা মারা গেছে। মৃত্যুর আগে শিলাকে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল বলে ধারণা পুলিশের।
লালবাগ থানার এসআই লুৎফর রহমান বলেন, শিলার কথিত প্রেমিক সাগরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিলার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।
শিলার বোন জিয়াসমিন জানান, তিন বছর আগে শিলার বিবাহবিচ্ছেদ হয়। লালবাগের সাগর নামে ওই ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার সন্ধ্যায় শিলা কামরাঙ্গীরচরের বাসা থেকে লালবাগে একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল। পরে সাগরের ফোন পেয়ে সে ওই বাসা থেকে বেরিয়ে যায়। এর পর থেকে শিলার ফোন বন্ধ ছিল। জিয়াসমিন আরও জানান, শনিবার রাত ১টার দিকে সাগর তাদের ফোন করে জানায়, শিলা অসুস্থ হয়ে পড়েছে। ভোরে কাশমিরি টোলার ওই বাসায় গিয়ে বোনকে অচেতন অবস্থায় পান।
