স্ত্রীর নামে চসিক প্রকৌশলীর ঠিকাদারি

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১২:৫৯ এএম

সরকারি কর্মচারী বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. কামাল হোসেন সেলিম স্ত্রীর নামে ঠিকাদারি করছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, স্ত্রী জেবুন্নেসা খানমের ‘মেসার্স এএইচ অ্যান্ড এবি ইঞ্জিনিয়ার্স’ নামে চসিকের তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি সিটি করপোরেশনে ঠিকাদারি করছেন। অথচ সরকারি কর্মচারী বিধিমালা-১৯৭৯ এর ১৭(৩) ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে তাহার পরিবারের কোনো সদস্যকে তাহার এখতিয়ারাধীন এলাকায় কোনো ব্যবসায় জড়িত হওয়ার অনুমতি দিতে পারবেন না।’

অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে সম্প্রতি কামালের স্ত্রীর প্রতিষ্ঠানটি চসিকের প্রকল্পে কাজ করার পূর্বে সরকারের অনুমোদন নিয়েছে কি না জানতে চায়। চসিক কর্র্তৃপক্ষ গতকাল রবিবার লিখিত জবাব পাঠিয়েছে।

এ ব্যাপারে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা দেশ রূপান্তরকে বলেন, ‘স্ত্রীর নামে চসিকের কামালের বিরুদ্ধে ঠিকাদারির অভিযোগ উঠেছে। যা স্থানীয় সরকার বিভাগে তদন্তাধীন। মেসার্স এএইচ অ্যান্ড এবি ইঞ্জিনিয়ার্স নামের প্রতিষ্ঠানটি যে কামালের স্ত্রীর, তা ট্রেড লাইসেন্সের আবেদনে উল্লেখ করেনি। এরই মধ্যে প্রতিষ্ঠানটি চসিকের বেশ ক’টি প্রকল্পের কাজও করেছে।’ তিনি বলেন, ‘স্ত্রীর নামে অবৈধভাবে ঠিকাদারি ব্যবসা করে কামাল চাকরি বিধিমালাকে অমান্য করেছেন। অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।’

খোঁজ নিয়ে জানা যায়, মেসার্স এএইচ অ্যান্ড এবি ইঞ্জিনিয়ার্স প্রতিষ্ঠানটি ২০১৭ সালে প্রায় পাঁচ লাখ টাকায় নগরীর বিবিরহাট গরুর বাজারের জন্য পিসি পোল স্থাপন পূর্বক ম্যাটাল হ্যালাইড শেইডের মাধ্যমে আলোকায়নের কাজ, উত্তোলন ও স্থাপন কাজ, পাঁচ লাখ টাকায় চসিকের আওতাধীন নালা-খাল থেকে (প্রথম ধাপে) এস্কেভেটর দ্বারা মাটি উত্তোলন ও অপসারণ কাজ, ৪ লাখ ৮৫ হাজার টাকায় নগরীর ৩৬নং গোসাইল ডাঙ্গা ওয়ার্ডস্থ বারেক বিল্ডিং পোল হতে নিমতলা পর্যন্ত পোল সরবরাহ কাজ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত