সিপিডির নির্মাণাধীন ভবনকে জরিমানা

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০১:০২ এএম

রাজধানী ধানমন্ডির ১১ নম্বর সড়কে অবস্থিত গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি শুক্রাবাদ এলাকার আরও একটি ভবনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ জরিমানা করেন। এ সময় তিনি বলেন, নগরজুড়ে আমাদের ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে ধানমন্ডি ও শুক্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধানমন্ডির ১১ নম্বর সড়কে  নির্মাণাধীন সিপিডির ভবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবনটিতে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়া গেছে। এ ছাড়া ১০৪ নম্বর রোডে মীম টাওয়ার নামের একটি ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় বনানী এলাকায় এক বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও ইস্কাটন এলাকায় এক বাড়ির কেয়ারটেকারকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইস্কাটন রোডের ৫৬ নম্বর বাড়ির বেজমেন্টে প্রচুর এডিস মশার লার্ভা ও বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায়। এই অপরাধে বাড়ির কেয়ারটেকার আবদুল বারেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত