বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি বনে যাওয়া তারই স্ত্রী আয়শা আক্তার মিন্নি জামিন পেতে হাইকোর্টের আরেক বেঞ্চে আইনজীবীদের মাধ্যমে আবেদন করেছেন। গতকাল রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ আবেদনটি উপস্থাপন করেন তার আইনজীবী জেড আই (জহিরুল ইসলাম) খান পান্না। দেশ রূপান্তরকে তিনি জানান, কার্যতালিকায় এলে আবেদনের ওপর আজ সোমবার শুনানি হতে পারে। এর আগে গত ৮ আগস্ট বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ মিন্নির জামিন প্রশ্নে উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিচারিক আদালতে মিন্নির দেওয়া ১৬৪ ধারার জবানবন্দির অনুলিপি চান তার আইনজীবীর কাছে। জেড আই খান পান্না জানান, তাদের এখনো অনুলিপি দেওয়া হয়নি। এ সময় হাইকোর্ট মিন্নির জামিন প্রশ্নে আদেশ না দিয়ে রুল দিতে চাইলে আবেদনটি ফিরিয়ে নেন তার আইনজীবী।
নিম্ন আদালতে দু’দফা জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর গত ৫ আগস্ট প্রথম হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন মিন্নি। গত ২১ জুলাই বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নির জামিনের আবেদন নামঞ্জুর হয়। এরপর ৩০ জুলাই বরগুনার জেলা ও দায়রা জজ আদালতেও তার জামিনের আবেদনে সাড়া দেয়নি আদালত।
২৬ জুন রিফাত শরীফ খুন হওয়ার পরদিন ১২ জনকে আসামি করে মামলা করেন তার বাবা (মিন্নির শ^শুর) আবদুল হালিম দুলাল শরীফ। সেখানে এক নম্বর সাক্ষী করা হয় মিন্নিকে। এরই মধ্যে রিফাত হত্যার মূল পরিকল্পনাকারী সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। গত ১৩ জুলাই বরগুনা প্রেস ক্লাবে দুলাল শরীফ অভিযোগ করেন মিন্নির সঙ্গে নয়ন বন্ডের বিয়ে হয়েছিল। গত ১৬ জুলাই সকালে মিন্নিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় রিফাত শরীফ হত্যাকা-ে তার সংশ্লিষ্টতায় প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়ে মিন্নিকে গ্রেপ্তারের কথা জানায় বরগুনা পুলিশ।
রিমান্ডে নেওয়ার পর ১৯ জুলাই শুক্রবার পুলিশ জানায় রিফাত হত্যার সংশ্লিষ্টতায় মিন্নি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন দাবি করেন তড়িঘড়ি ও জবরদস্তি করে মিন্নির কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে।
