প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদে দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফের ৭৭ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। ওই চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।
বিক্ষোভের খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ট্যাগ অফিসার মো. টিপু সুলতান ঘটনাস্থলে গিয়ে ৭৭ বস্তা চাল জব্দ করেন এবং গুদামটি সিলগালা করে দেন।
চালবঞ্চিত ও বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, ঈদের আগে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দ চাল বিতরণ না করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ৭৭ বস্তা চাল আত্মসাৎ করার চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে পাহারা বসায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. সালেহসহ (মিন্টু ফরাজী) জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব মো. তসলিমউদ্দিন জানান, বিতরণ না করে গুদামে রক্ষিত ভিজিএফের চাল মজুদ রাখা হয়। ওই চাল বিতরণ করার জন্য চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি।
এ ব্যপারে বারবার ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. সালেহকে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
ট্যাগ অফিসার মো. টিপু সুলতান জানান, এসব চাল ঈদের আগে অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিতরণ করেননি। প্রাথমিকভাবে ৭৭ বস্তা ভিজিএফের চাল জব্দ করে গুদামে সিলগালা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
