পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনে অবহেলার অভিযোগ তুলে অধ্যক্ষসহ ২৫ শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ। গতকাল মঙ্গলবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করলেও শহীদ বুলবুল সরকারি কলেজে দায়সারাভাবে পালিত হয়েছে। অধ্যক্ষসহ ২৫ জন শিক্ষক কলেজে আসার প্রয়োজন বোধ করেননি। মাত্র ৮ জন শিক্ষক দায়সারাভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুধু ফুল দিয়ে কর্মসূচি শেষ করেছেন।
এমন অবজ্ঞার বিষয়টি তদন্ত করে অধ্যক্ষসহ অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্রলীগ নেতারা।
পরে তারা জেলা প্রশাসক কবির মাহমুদের কাছে স্মারকলিপি প্রদান করেন।
তবে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে দাবি করে ছাত্রলীগ নেতাদের অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলেছেন কলেজের অধ্যক্ষ এম এ কুদ্দুস।
